দা নাং-জাপান রুটে বাড়ছে সরাসরি ফ্লাইট
ভিয়েতনামের দা নাং ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বাড়ানো হচ্ছে।
ভিয়েতনামের দা নাং ও জাপানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বাড়ানো হচ্ছে। এর ফলে জাপান থেকে পর্যটক আকর্ষণের পাশাপাশি দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
দা নাং পর্যটন উন্নয়ন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে শহরটির সঙ্গে জাপানের প্রধান দুই বিমানবন্দর টোকিওর নারিতা ও ওসাকার কানসাইয়ের সরাসরি যোগাযোগ সম্প্রসারিত হয়েছে। জুলাই থেকে ভিয়েতনাম এয়ারলাইন্স টোকিও ও ওসাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে।
বর্তমানে ভিয়েতনাম এয়ারলাইন্স দা নাং-নারিতা রুটে সপ্তাহে ১১টি এবং দা নাং-কানসাই রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে। ফলে দুই দেশের মধ্যে বর্তমানে সপ্তাহে মোট ১৬টি সরাসরি ফ্লাইট রয়েছে।
এদিকে ভিয়েটজেট এয়ার আগামী ২০ ডিসেম্বর থেকে দা নাং-ওসাকা (কানসাই) রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রোববার—সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। এটি চালু হলে দা নাং ও জাপানের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা সপ্তাহে প্রায় ২০টিতে পৌঁছাবে।
দা নাংয়ের পর্যটন কর্তৃপক্ষ আশা করছে, ফ্লাইট বাড়ানোর ফলে বছরের শেষের পর্যটন মৌসুমে জাপানি পর্যটক আগমন আরও বাড়বে। একই সঙ্গে ২০২৭ সালে জাপানের বাজারে পর্যটন সম্প্রসারণের সুযোগও তৈরি হবে।
জাপান বর্তমানে দা নাংয়ের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্যটন বাজারগুলোর একটি। ২০২৬ সালের প্রথম ছয় মাসে শহরটিতে আসা আন্তর্জাতিক পর্যটকদের ৩ দশমিক ৬৬ শতাংশ ছিলেন জাপানি। জুলাই মাসে এই হার বেড়ে ৩ দশমিক ৯৩ শতাংশে দাঁড়ায়।
সরাসরি বিমান যোগাযোগ বাড়লে টোকিও, ওসাকা ও আশপাশের অঞ্চল থেকে পর্যটকদের দা নাং ভ্রমণ আরও সহজ হবে। একই সঙ্গে পর্যটন ব্যবসাগুলোও জাপানি পর্যটকদের জন্য নতুন প্যাকেজ ও ভ্রমণপণ্য তৈরির সুযোগ পাবে।
দা নাংয়ের পর্যটন খাতে সমুদ্রসৈকত, সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান, খাবার, গলফ, বিনোদনসহ বিভিন্ন আকর্ষণ রয়েছে। বিমান যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে এসব পর্যটন পণ্য জাপানি বাজারে আরও কার্যকরভাবে তুলে ধরতে চায় শহরটির কর্তৃপক্ষ।
এদিকে ২০২৬ সালের প্রথম সাত মাসে দা নাংয়ের আবাসন প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার অতিথি অবস্থান করেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৮ শতাংশ বেশি। আন্তর্জাতিক অতিথির সংখ্যা ৬০ লাখের বেশি, যা ২৮ দশমিক ১ শতাংশ বেড়েছে।
ফলে জাপানের সঙ্গে সরাসরি ফ্লাইট বৃদ্ধি দা নাংয়ের আন্তর্জাতিক পর্যটন বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।