অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর শিল্পী তালিকায় পাকিস্তানি তারকা ফাওয়াদ খান থাকায় এর মুক্তিতে বাঁধ সেঁধেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের একটি রাজনৈতিক দল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সেনা ঘাঁটিতে হামলার পর বলিউডে সব পাকিস্তানি শিল্পীকে নিষিদ্ধ করে এই দলটি। কিন্তু করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির শুটিংয়ের অনেক আগেই শেষ হয়। ছবি মুক্তির দিন দশেক আগে এমএনএস দল থেকে হুমকি আসে, সিনেমা হলে এটি প্রদর্শিত হতে দেবে না তাঁরা। হল ভাংচুর করার কথাও তাঁরা উল্লেখ করেছিল সেসময়। তবে, ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক সংস্থার সঙ্গে আলাপের পর দলটি শর্তসাপেক্ষে সমঝোতায় এসেছে। এখন করণের এই ছবি মুক্তিতে আর কোনো বাঁধা নেই।
চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক সংস্থার সভাপতি মুকেশ ভাট আজ এমএনএস দলের প্রধান রাজ ঠাকরে ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফারনবিশের সঙ্গে একটি বৈঠক করেন। মুকেশ জানান, আর কোনো দিন পাকিস্তানি তারকাদের নিয়ে কাজ করবেন না এই শর্তের ভিত্তিতে তাঁরা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি মুক্তি দিতে রাজি হয়।
সম্প্রতি করণও দলটির প্রধানের সঙ্গে দেখা করেন। এবং কয়েক দিন আগে একটি ভিডিও বার্তায় করণ বলেন ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করবেন না। এই নির্মাতা সেই ভিডিও বার্তায় বলেন, তাঁর কাছে সবার আগে দেশ।
করণসহ বলিউডের অন্যান্য নির্মাতারা ভারত সৈনিকদের কল্যাণে অর্থ সাহায্য দেওয়ার কথাও জানান। ছবি প্রদর্শনের সময় মুখ্যমন্ত্রী হলের বাইরে বাড়তি নিরাপত্তা মোতায়েনের আশ্বাস দেন।
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর। বড় পর্দায় ছবিটি দেখানোর আগে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে বলে জানা গেছে।
এই ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। হাফিংটন পোস্ট।
আরও খবর