যা আশা করেননি ব্রাজিল কোচ তিতে, তার চেয়েও ভালো খেলেছেন নেইমার-কুটিনহোরা! তাছাড়া আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ বলে কথা। এই ম্যাচে দুই দলের লড়াইটা যে হয় মর্যাদারও। পরিসংখ্যানের পাল্লা ভারি করতে মুখিয়ে থাকে আর্জেন্টিনা-ব্রাজিল। আজ শুক্রবার সকালে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে পাল্লাটা ভারি করে নিলো ব্রাজিল।
ম্যাচ শেষে ব্রাজিলের কোচ তিতে জানালেন, দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট। বলেন, ‘ছেলেদের এমন পারফরম্যান্সে আমি খুশি। (পাঁচটি ম্যাচ এবং পাঁচটি জয়) প্রত্যাশিত নয়। এটা ছিলো কল্পনাতীত। দল এখনো বেশ উন্নতি করছে। ভুল থেকে শিখছে। আর ব্রাজিলের এটা (উন্নতি) এমন সময় হলো যখন আর্জেন্টিনা ভালো করছে।’
তিতে মনে করেছিলেন, ব্রাজিল হয়তো আরো বেশি সমস্যায় পড়বে। কিন্তু কুটিনহোর দুর্দান্ত গোলে ব্রাজিল এগিয়ে গেলে হাফ ছেড়ে বাঁচেন ব্রাজিল কোচ। বলেন, ‘আমি ভেবেছিলাম, আমরা আরো বেশি সমস্যার সম্মুখীন হবো। শুরুতে কিন্তু তেমনই হচ্ছিল। সময়ের পরিক্রমায় ম্যাচের পরিস্থিতিও বদলে গেছে। কুটিনহোর গোলটি ছিলো দারুণ। এরপর ব্রাজিল ছন্দে ফিরে আসে।’