এবারের ঢাকা ট্রাভেল মার্ট শেষ হলো ৫ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে

516086রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে সম্প্রতি হয়ে গেল তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক পর্যটন মেলা ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭। এবারের মেলায় দর্শনার্থীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। মেলায় ৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। শনিবার মেলার সমাপনী অনুষ্ঠানে মূল আয়োজক ভ্রমণ-বিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক এ তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, ঢাকা ট্রাভেল মার্টে বিভিন্ন এয়ারলাইনার ও ট্যুর অপারেটর বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ বিক্রি করেছে। অন্যদিকে হোটেল ও রিসোর্টগুলো অগ্রিম বুকিং গ্রহণ করেছে। অন্যবারের মতো এবারও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবার ওপর আকর্ষণীয় মূল্যছাড় অফার করেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য-বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের ভিড় ও লেনদেনের পরিমাণ প্রমাণ করে যে, ১৪ বছরের প্রচেষ্টায় পর্যটনকে মানুষের কাছে নিয়ে যেতে সক্ষম হয়েছে ঢাকা ট্রাভেল মার্ট। তার মতে, পর্যটনের মাধ্যমে মানুষ শুধু অবকাশ যাপনই করে না, একই সঙ্গে বিভিন্ন জায়গা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পায়। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানো সম্ভব।

ইকবাল সোবহান চৌধুরী মনে করেন, মাথাপিছু আয় বাড়লে এর সঙ্গে সঙ্গে মানুষের ব্যয় সক্ষমতাও বাড়বে। ফলে দেশীয় পর্যটন শিল্প আরো বেগবান হবে। সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন হলে এ খাতের উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরবর্তীতে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি প্রবেশ কুপনের ওপর আয়োজিত র্যাফল ড্রয়ে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.