রুপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন ঐশী

রুপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী।

‘মিশন এক্সট্রিম’ নামের একটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিতে আরেফিন শুভর বিপরীতে তাকে দেখা যাবে।

চলচ্চিত্র অঙ্গনে প্রথম পা রাখার বিষয়ে ঐশী বলেন, ‘ভালো একটি সিনেমা দিয়ে আমি চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম। ‘মিশন এক্সট্রিম’র মধ্য দিয়ে আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’

জানা গেছে ছবিটির চিত্রনাট্ট লিখেছেন সানী সানোয়ার, যিনি ২০১৭ সালের ব্যবসাসফল ছবি ‘ঢাকা অ্যাটাক’ এর কাহিনীকার।

এ বিষয়ে কাহিনীকার সানী সানোয়ার বলেন, ‘গল্পকে সমান্তরালভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য ঐশীর মতো একজন নতুন অভিনেত্রী প্রয়োজন ছিল। আমার বিশ্বাস ঐশী তার প্রথম ছবি দিয়েই দর্শকের হৃদয় জয় করবে।’

সিনেমাটির পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘আমার বিশ্বাস ঐশীর আগমনের মাধ্যমে ঢালিউড একজন কর্মঠ এবং পেশাদার নায়িকা পেতে যাচ্ছে।’

জানা গেছে ‘ঢাকা অ্যাটাক’ ছবির মতোই ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি একটি পুলিশ অ্যাকশন থ্রিলার ছবি।

চলতি মার্চের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিংয়ের প্রথম লট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.