বিমানবন্দরে সংসদ সদস্যদের তল্লাশিতে শিথিলতা দাবি

বিমানবন্দরে সংসদ সদস্যদের তল্লাশিতে শিথিলতা দাবি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ একাধিক ব্যক্তির পিস্তল নিয়ে ভেতরে প্রবেশের ঘটনার পর যাত্রীদের ব্যাপক তল্লাশির মধ্যে পড়তে হচ্ছে। এ জন্য যাত্রীদের বেল্ট, মোজাসহ অনেক সময় পোশাকও খুলতে হচ্ছে। এ তল্লাশি থেকে সংসদ সদস্যদের বেলায় শিথিলতা চেয়েছে সংসদীয় কমিটি।

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি করেন কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বৈঠক সূত্র জানায়, কমিটির সভাপতি বলেন বিমানবন্দরে এখন যাত্রীদের বেল্ট পর্যন্ত খুলে দেখা হচ্ছে। এ ছাড়া তল্লাশির সময় দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। এমনকি সংসদ সদস্যদেরও লাইনে দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। সংসদ সদস্যরা ভিআইপি। তাদের তল্লাশির ব্যাপারে এত কড়াকড়ি তুলে নেয়া হোক। এ ছাড়া সংসদ সদস্যদের জন্য আলাদা লাইন করারও কথা বলেন তিনি।এ সময় বৈঠকে উপস্থিত অন্য সংসদ সদস্যরাও তার এই কথায় সায় দেন।

জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানান, সংসদ সদস্যদের তল্লাশি শিথিল করার বিষয়ে তার একার করার কিছু নেই। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিষয়। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তিনি।

এদিকে এ ছাড়া বৈঠকে কমিটির সদস্য সৈয়দা রুবিনা আক্তার অভিযোগ করেন, তিনি বিদেশ যাওয়ার সময় বিমানের টিকিট কাটতে গিয়েছিলেন। কিন্তু তাকে বলা হয়েছে বিমানের টিকিট নেই। অথচ সেই বিমানে সিট খালি গেছে। এর জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। কমিটি কক্সবাজারসহ অন্য পর্যটন কেন্দ্রগুলোকে পরিবেশবান্ধব করতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও উন্নত করার সুপারিশ করে।

সেন্টমার্টিনের পাশাপাশি সোনাদিয়া, মহেশখালী দ্বীপে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সুপারিশ করা হয়। এছাড়াও বিমানের সিট শূন্য না থেকে সব টিকিট যাতে বিক্রি হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিটি সুপারিশ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.