স্কারলেট জোহানসনের তৃতীয় বাগদান!

স্কারলেট জোহানসনের তৃতীয় বাগদান!

২০০৮ সালে কানাডার অভিনেতা রায়ান রেনল্ডসকে বিয়ে করেছিলেন স্কারলেট জোহানসন। ২০১১ সালে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তাঁরা। পরে রোমেইন ডরিয়াককে নতুন সঙ্গী নির্বাচন করেন স্কারলেট। ২০১২ সালে প্রথম দেখা স্কারলেট এবং ফরাসি সাংবাদিক ও একটি বিজ্ঞাপন সংস্থার কর্ণধার রোমেইন ডরিয়াক। তারপর তা গড়ায় প্রেমে। পরে ২০১৪ সালে গোপনে বিয়ে সারেন তাঁরা। ২০১৭ সালে সেই বিয়েও গড়ায় বিচ্ছেদে। রোমেইন ডরিয়াকের সঙ্গে স্কারলেট জোহানসনের রোজ ডরোথি নামে চার বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এবার তৃতীয় বিয়ের পালা।
হলিউড তারকা স্কারলেট জোহানসন দুই বছর ধরে প্রেম করছেন ‘স্যাটারডে নাইট লাইভ’ সিরিজের চিত্রনাট্যকার কলিন জোস্টের সঙ্গে। ২০১৭ সালের মে মাসে ‘স্যাটারডে নাইট লাইভ’-এর ৪২ তম মৌসুমে এক পার্টিতে প্রথম দেখা হয় তাঁদের। তবে প্রকাশ্যে ২০১৭ সালের নভেম্বরে প্রথম একজন আরেকজনের হাত ধরে সামনে আসেন। বাগদানও সেরে ফেললেন গতকাল রোববার। তবে কবে বাজবে বিয়ের সানাই, তা এখনই বলা যাচ্ছে না। তা নিকট ভবিষ্যতে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা ‘ই!’।
স্কারলেট জোহানসন হলিউডের বড় তারকা অভিনেত্রী আর সংগীতশিল্পীদের একজন। সেই ১৯৯৪ সালের ফ্যান্টাসি কমেডি ‘নর্থ’ থেকে শুরু করে তাঁকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালের ২২ এপ্রিল মুক্তি পাওয়া ইতিহাস সৃষ্টিকারী ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ। লস অ্যাঞ্জেলেসের বিশেষ প্রদর্শনীতেও একসঙ্গে এসেছিলেন এই তারকা জুটি।
স্কারলেট জোহানসনকে কখনো নির্বাচিত করা হয়েছে শ্রেষ্ঠ আবেদনময়ী হিসেবে। আবার বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকের নায়িকার খ্যাতিও তাঁর দখলে। যুক্তরাষ্ট্রের ব্যবসাসংক্রান্ত ম্যাগাজিন ‘ফোর্বস’-এর ‘সেলিব্রেটি হান্ড্রেড’ তালিকায় বহুবার তাঁকে পাওয়া গেছে।

অন্যদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক কলিন জোস্ট একজন কৌতুক অভিনেতা ও লেখক। ‘স্যাটারডে নাইট লাইভ’-এর প্রতিটি পর্ব লেখার জন্য তাঁর পারিশ্রমিক ২২ লাখ টাকা। আর প্রতিটি সিরিজ লিখে তিনি প্রায় ৫ কোটি টাকা আয় করেন। তিনি এখন পর্যন্ত পাঁচবার ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ড ফর কমেডি’ জেতেন।

৩৪ বছর বয়সী স্কারলেট জোহানসনের জন্য এটি তৃতীয় বিয়ে। আর ৩৬ বছর বয়সী কলিন জোস্টের এবারই প্রথম বিয়ের অভিজ্ঞতা হতে যাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.