বিমানের ড্রিমলাইনার ‘রাজহংস’ আসছে আজ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ দেশে আসছে আজ শনিবার। যুক্তরাষ্ট্রের সিয়াটলের এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কর্মকর্তারা বিমানের কর্মকর্তাদের কাছে মালিকানা হস্তান্তর করেছেন।
বোয়িংয়ের পক্ষে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার। বিমানের পক্ষে পরিচালক (লজিস্টিক) মো. মমিনুল ইসলাম মালিকানা বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘রাজহংস’
বৃহস্পতিবার দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেওয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় বোয়িং। এ বিষয়ে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রাজহংস দেশে আসবে শনিবার।