হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুইজনকে পুশব্যাক করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকজন আইভরি কোস্টের নাগরিক।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।সকালে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকার ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। এই দুই নাগরিক গতকাল দেশে এলেও তাদের কাছে কোনো ভিসা ছিল না। তাই তারা যে বিমানে এসেছে সেই বিমানেই তাদের ফেরত দেয়া হয়েছে।
শাহজালাল পরিচালক বলেন, ১৬ তারিখ দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবে না। সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেলফ (নিজ উদ্যোগে) কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইন্সকে নির্দেশনা দেয়া হয়েছে।
