তিন শতাধিক বাংলাদেশি ভারত ও সিঙ্গাপুর থেকে ফিরলেন

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সিঙ্গাপুর ও ভারতে আটকা পড়া তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বেলা সোয়া ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ১৮৫ জন বাংলাদেশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

এর পরে বিকেল ৪টায় ভারতের চেন্নাই থেকে চার শিশুসহ ১৬৪ জন বাংলাদেশি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন বলে জানান তিনি।

গত দুই দিনে ভারতে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার দুপুরে তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২০ জন বাংলাদেশি দেশে ফেরেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুরের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।

বর্তমানে চীন ছাড়া অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.