ভার্জিন অস্ট্রেলিয়ায় মালিকানা বাড়াল সিঙ্গাপুর এয়ারলাইনস

imagesভার্জিন অস্ট্রেলিয়া হোল্ডিংস লিমিটেডে নিজেদের মালিকানা বৃদ্ধি করেছে উড়োজাহাজ সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড। ভার্জিন অস্ট্রেলিয়া ও টাইগারএয়ার অস্ট্রেলিয়ার পরিচালক প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ মালিকানা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টির এক সপ্তাহ পর এ পদক্ষেপ গ্রহণ করেছে সিঙ্গাপুরের পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি। খবর ব্লুমবার্গ।

বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনস ভার্জিন অস্ট্রেলিয়া হোল্ডিংস লিমিটেডের শেয়ার বৃদ্ধি করে ২২ দশমিক ৯১ শতাংশ থেকে ২৩ দশমিক ১১ শতাংশ করেছে। ইকুইটি বিনিময় সম্পন্ন করতে ৩১ লাখ ৮০ হাজার ডলার প্রদান করেছে বলে জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। ভার্জিন অস্ট্রেলিয়ার শেয়ারপ্রতি গড়ে ৪৬ দশমিক ৭ অস্ট্রেলিয়ান সেন্ট ব্যয় করেছে সিঙ্গাপুরের উড়োজাহাজ কোম্পানিটি।

উল্লেখ্য, গত সপ্তাহে ভার্জিন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এয়ার নিউজিল্যান্ড লিমিটেড মালিকানা ছাড়ার কথা ভাবছে বলে জানায়। এর পর থেকেই উড়োজাহাজ সংস্থাটির মালিকানা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ভার্জিন অস্ট্রেলিয়ার কিছু বা ২৫ দশমিক ৮৯ শতাংশ মালিকানার পুরোটাই বিক্রি করে দিতে চায় বলে ৩০ মার্চ এয়ার নিউজিল্যান্ড জানায়। এর বাইরে ভার্জিন অস্ট্রেলিয়ার ২৪ শতাংশের মালিক সংযুক্ত আরব আমিরাতের জাতীয় উড়োজাহাজ সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ।

এদিকে সর্বশেষ ক্রয়ে সিঙ্গাপুর এয়ারের মালিকানা খুব সামান্যই পরিবর্তিত হয়েছে। অতিরিক্ত শেয়ারের জন্য ভার্জিন অস্ট্রেলিয়ার শেষ ক্লোজিং প্রাইসের চেয়ে ৩২ শতাংশ বেশি ব্যয় করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সিটি গ্রুপের সিডনি শাখা এর গ্রাহকদের জানিয়েছে, ভার্জিন অস্ট্রেলিয়ায় নগদ অর্থের প্রবাহ বাড়াতে সিঙ্গাপুর এয়ারের কোনো আপত্তি আছে বলে মনে হচ্ছে না।

ভার্জিন অস্ট্রেলিয়ায় নিজেদের মালিকানা ২৫ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বাড়ানোর জন্য অস্ট্রেলিয়ার ফরেন ইনভেস্টমেন্ট রিভিউ বোর্ডের অনুমোদন পেয়েছে সিঙ্গাপুর এয়ার। এদিকে মালিকানা বাড়ানো নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.