এবার ১৫ মে পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করলো বাংলাদেশ বিমান

চলবে শুধু বিশেষ ফ্লাইটগুলো

করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের ফ্লাইট চলাচল বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।তবে প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে ৭ মে পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে (চীন বাদে) সব ধরনের শিডিউল ফ্লাইট ওঠানামা বন্ধ করেছিল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, সাম্প্রতিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করল।

তবে এ সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান।

দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট ও দুবাইসহ ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বিমান বাংলাদেশ।

দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে ৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে চীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই।

Comments (0)
Add Comment