বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ভারতীয় শ্রমিকরা বাড়ি ফেরা সহ বিভিন্ন দাবিতে ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান করছেন। অনেকে হেঁটে রওনা হয়েছেন এমন খবরও পাওয়া গেছে।
সোমবার দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে কয়েকশ ভারতীয় শ্রমিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা অতিক্রম করে রাস্তায় বের হয়ে আসেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিলে তারা বিক্ষোভ করেন। এদের মধ্যে অনেকে হেঁটে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে খুলনা-মোংলা মহাসড়কের বাবুর বাড়ি মোড়ে এসে পৌঁছান। শ্রমিকদের বিষয়টি সমাধানের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছেন।
কয়েকজন শ্রমিক বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করছি। করোনা পরিস্থিতিতে আমরা ঠিকমত পরিবার ও স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছি না। লকডাউনের দোহাই দিয়ে আমাদের বাড়িতে যেতে দেয়া হচ্ছে না। ঠিকমত খাবারও পাচ্ছি না। আমরা যেকোনো মূল্যে বাড়িতে (ভারতে) যেতে চাই বলে চিৎকার করতে থাকেন শ্রমিকরা।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার কমান্ডার লিয়াকত হোসেন বলেন, কিছু শ্রমিক বাইরে বের হয়েছিল। এখন সবকিছু শান্ত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এখানে এসেছেন। আশা করি একটা সুষ্ঠু সমাধান হবে।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম বলেন, দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে না পারায় শ্রমিকদের মধ্যে এক ধরনের হতাশার সৃষ্টি হয়েছে। তাই বাড়িতে যাওয়ার দাবিতে কিছু শ্রমিক বাইরে বের হয়ে অবস্থান নিয়েছেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করছি।