বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে ও বিশেষ অনুরোধে এবং বাংলাদেশ সরকারের নির্দেশে ঢাকা-রোম রুটে একটি বিশেষ বিমানকে রি-রুট করা হয়েছে যা আগামী ১৩ জুন শনিবার সকাল ১০টায় হিথ্রো বিমান বন্দর থেকে আটকেপড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিশেষ বিমানটি মূলত রোম থেকে বাংলাদেশি যাত্রীদের নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে ও সরকারের নির্দেশে বিমানটি ১৩ জুন শনিবার হিথ্রো হয়ে ঢাকা যাবে। এর ফলে এখনো যে সব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়ে আছেন তারা দেশে ফিরতে পারবেন। এই বিশেষ বিমানের ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই।”
হাইকমিশনার দেশে ফিরে যেতে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের ১১ জুনের মধ্যে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের এই লিংকে https://forms.gle/qFXRvriFCLUUVV857 রেজিস্ট্রেশন করে নিজেদের আসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান। উল্লেখ্য, কেবলমাত্র বাংলাদেশ হাইকমিশন লন্ডনের রেজিস্টর্ড যাত্রীরাই এই বিমানে ভ্রমণ করতে পারবেন।
দেশে ফিরে যেতে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই বাংলাদেশী পাসপোর্ট, এনভিআর এবং বিদেশী পাসপোর্টধারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভিসা ও করোনায় আক্রান্ত নন এ সংক্রান্ত মেডিক্যাল সনদ থাকতে হবে। বাংলাদেশ হাই কমিশন লন্ডন যথানিয়মে রেজিস্টার্ড বাংলাদেশি যাত্রীদের মেডিক্যাল সনদ প্রদান করবে।
বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে “অন এরাইভাল” ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ থাকায় যেসব যাত্রীর বাংলাদেশে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন তাদের পক্ষে এই বিশেষ বিমানে ভ্রমণ সম্ভব নয়।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য বাংলাদেশ হাই কমিশনের নিম্নোক্ত টেলিফোন ও ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে : +৪৪-০৭৪৫৯৭৫৫৪৫৭, +৪৪৭৪৩৮৪২৯৯৩৯ এবং ইমেইল: mahfuza.sultana@mofa.gov.bd ও monirul.hoque@mofa.gov.bd.