এবার ৭-৮ জুনের সব ফ্লাইটও বাতিল করল বাংলাদেশ বিমান

আকাশপথে যাত্রী সংকটের কারণে ফের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিল করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম দফায় দুই দিন ও দ্বিতীয় দফায় তিন দিন ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছিল বিমানসংস্থাটি।তৃতীয় দফায় আরও দুই দিনের জন্য ফ্লাইট বাতিল ঘোষণা করা হলো।

শনিবার (৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছে, রোববার ও সোমবার (৭ ও ৮ জুন) বিমানের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় একটি চার্টার ফ্লাইট মালদ্বীপে পাঠানো হয়েছে। ফিরতি ফ্লাইটে সেখানে থাকা বাংলাদেশিদের নিয়ে আসবে।
করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর দেশের অভ্যন্তরীণ তিন রুটে ১জুন ফ্লাইট চালু শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ্রর দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ও তৃতীয় দিন বুধবার যাত্রী সংকটের কারণে কোনো ফ্লাইট পরিচালনা করতে পারেনি বিমান। বৃহস্পতিবার এসে টানা তিন দিনের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় বিমানসংস্থাটি। এবার আরও দুই দিনের ফ্লাইট বাতিলের ঘোষণা এলো।

Comments (0)
Add Comment