পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি গাইডলাইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক।
সিনিয়র সচিব বলেন, পর্যটকদের মনে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভ্রমণ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ পরবর্তী বিশ্ব: বাংলাদেশের পর্যটনের সেরা পেনাল্টি শীর্ষক জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি গাইডলাইন প্রণয়ন করবে। হোটেল-মোটেলগুলোসহ পর্যটনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে এই গাইডলাইন মেনে চলতে হবে। হোটেল-মোটেল ও পর্যটন গন্তব্যে এই গাইডলাইন ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তাও মনিটরিং করা হবে।
‘টুরিস্ট ক্যারিং ক্যাপাবিলিটি’ নিশ্চিত করা ও পরিবেশ বাঁচাতে পর্যটনের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষিত করে দক্ষ পর্যটন জনবলে রূপান্তরিত করা নিয়ে মত দেন।