লাদাখ সীমান্ত থেকে চীনের সৈন্য প্রত্যাহার, জয় দাবি ভারতের

লাদাখ সীমান্তে প্রায় এক মাস পর উত্তেজনা কমছে। ভারতীয় গণমাধ্যম দাবি করছে, চীনের সেনাবাহিনী একটু একটু করে সরছে। তারা সামরিক সরঞ্জাম ও গাড়ি নিয়ে ক্রমশ নিজেদের গুটিয়ে নিচ্ছে। লাদাখের কয়েকটা পয়েন্টে অশান্তি কিছুটা হলেও স্তমিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় সৈন্যরাও পিছিয়ে এসেছে কিছুটা। এর মধ্য দিয়ে দাবি করা হচ্ছে ভারতের কূটনৈতিক জয় হয়েছে বলে।

সেনা স্তরের চলতি সপ্তাহে আরও একটি বৈঠক হওয়ার কথা। তার আগেই এইভাবে দুই দেশের সেনাবাহিনী কিছুটা পিছিয়ে গেল। জানা গেছে, আড়াই কিলোমিটার সরে গেছে চীনের সেনাবাহিনীর বহর। শনিবার সীমান্ত নিয়ে আলোচনা করতে দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের বৈঠক হয়। চীন সীমান্তের লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে মালদোর বর্ডার মিটিং পয়েন্টে হয় বৈঠক। জানা গেছে, সংঘাত পরিস্থিতি তৈরি হওয়ার আগে চীনের সেনাবাহিনী, যে অবস্থানে ছিল ফের সেই অবস্থানে ফিরে যেতে বলেছে ভারত। আর ভারতকে রাস্তা নির্মাণ বন্ধ করতে বলেছে চীন।

এই বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ১৪ কর্পসের কমান্ডার। অন্যদিকে টিবেট মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার ছিলেন চীনা প্রতিনিধি হিসেবে। এই প্রথম উচ্চপর্যায়ের সামরিক বৈঠক হল দু’দেশের মধ্যে। ভারত-চীন সীমান্তের ৭০ বছর পূর্তির কথা মাথায় রেখে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক মেরামত করার কাজে সম্মত হয়েছে দু’দেশ।

নিজেদের মধ্যে আলোচনা করে লাদাখ ও সিকিম সীমান্তে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা মিটিয়ে ফেলা হয়েছে বলে দুই দেশই জানিয়েছে। আপাতত সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা রয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে সীমান্তে রুটিন মহড়া চালানো হয়েছে। তেমনই সাধারণ নজরদারি চলেছে চীনের পক্ষ থেকেও।

সূত্র : কলকাতা ২৪x৭।

Comments (0)
Add Comment