কক্সবাজার ছাড়া দেশের সকল অভ্যন্তরীণ রুটে ন্যূনতম বিমান ভাড়া আড়াই হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচলক কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান দেশের বিমান সংস্থাগুলোর সঙ্গে ভাড়া নিয়ে সভা করেন এ সিদ্ধান্তের কথা জানান। তবে উড়োজাহাজের আসনের ধরণ, কতটি সিটের ভাড়া সর্বনিম্ন হারে হবে, তা এয়ারলাইন্স ঠিক করবে।
বৈঠক সূত্র জানায়, বেবিচকের চেয়ারম্যান সভায় বিমান সংস্থাগুলোকে ভাড়া না বাড়িয়ে যাত্রীদের বিমান চলাচলের ওপর আস্থা অর্জনের জন্য গুরুত্ব দেওয়ার বিষয়ে জোর দেন। তিনি স্বাস্থ্যবিধি ও বেবিচকের বিধিমালা যথাযথভাবে মেনে চলার অনুরোধ করেন।
জানা যায়, বিমান সংস্থাগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তাদের অর্থনৈতিক ক্ষতির কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বিমান ভাড়া ঢাকা-কক্সবাজারের জন্য সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা এবং ঢাকা হতে অন্যান্য রুটে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যে দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর চলতি মাসেই অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। তবে তাতে তেমন যাত্রী পাচ্ছে না বিমান সংস্থাগুলো।
এদিকে বেবিচকের এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি যাত্রীরা। তারা বলেছেন, সরকারি প্রতিষ্ঠান বিমানকে বাচাতে বেবিচক এই সিদ্ধান্ত নিয়েছে। এতে বিমানই একমাত্র লাভবান হবে। এতদিন অভ্যন্তরিনর রুটে বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা ছিল। এতে যাত্রীরা কম ভাড়ায় বিভিন্ন গন্তব্যে যেতে পারতেন। প্রতিযোগিতার কারণে অনেক রুটে বিমান ভাড়া ১৯৫০ টাকা্ও হয়ছিল।