চীনা সেনারা কাঁটা লাগানো অদ্ভুত অস্ত্রে ভারতীয় সেনাদের হত্যা করে

চীনা সেনাবাহিনীর সদস্যরা কোনো গোলাবারুদ বা আগ্নেয়াস্ত্র নয়, অদ্ভুত এক অস্ত্র দিয়ে ভারতীয় সেনা সদস্যদের হত্যা করেছে।

এই অস্ত্রটি প্রায় চার ফুট লম্বা লোহার রড। তার মাথার দিকে এক থেকে দেড় ফুট অংশে সারি সারি পেরেকের মতো ধারাল কাঁটা লাগানো।

আনন্দবাজারের এক প্রতিবেদনে জানা যায় এই ধরনের অদ্ভুত বেশ কিছু কাঁটা লাগানো লোহার রড উদ্ধার হয়েছে গলওয়ানের সংঘর্ষস্থল থেকে। ওই অস্ত্র দিয়েই চিনা বাহিনী আক্রমণ করেছিল ভারতীয় সেনাদের। ‘ক্লোজ কমব্যাট’ বা হাতাহাতির পর্যায়ে এ ধরনের রডের আঘাত আগ্নেয়াস্ত্রর থেকেও বেশি প্রাণঘাতী।

ভারতের উধমপুর সেনা হাসপাতাল এবং লেহর জেলা হাসপাতালে ভর্তি সেনা সদস্যদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন সেনা কর্মকর্তারা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক কম্পানি সেনা সদস্য (১০০ থেকে ১২০ জন) চীনা বাহিনীর হামলার মুখে পড়েন। ঘিরে ফেলা হয় ভারতীয় সেনা সদস্যদের এবং সংখ্যায় ভারতীয় সেনা সদস্যদের তুলনায় চীনা সেনা সদস্যের সংখ্যা ছিল কমপক্ষে চার থেকে পাঁচগুণ বেশি। পুরোপুরি এক তরফা হামলায় চীনা বাহিনী এলোপাথাড়ি আঘাত করে ওই ধরনের কাঁটা লাগানো রড দিয়ে।

এর আগে, ১৯৭৫ সালে ভারত-চীন সীমান্তে শেষবার সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। এরপর থেকে ওয়েস্টার্ন সেক্টরে লাদাখে বা ইস্টার্ন সেক্টরে অরুণাচলে দুই দেশের বাহিনীর মধ্যে হাতাহাতি-মারামারি কম হয়নি। কিন্তু এ ধরনের প্রাণঘাতী মারামারি কখনও হয়নি।

তবে এই সংঘাতে কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। লোহার রড, লাঠি, পাথর নিয়ে হামলা করেছে চীনা সেনা। তারপরই প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনারা।

Comments (0)
Add Comment