বিমানের ভাবমূর্তি বাড়ানোর পদক্ষেপ জানতে চেয়েছে সংসদীয় কমিটি

করোনা মহামারীকালে আন্তর্জাতিক রুটে বাংলাদেশ বিমানের ভাবমূর্তি বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে- তা জানতে চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি পরবর্তী বৈঠকে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য সুপারিশ করেছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আগামী বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনেরও পরামর্শ দেয়া হয়।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আনোয়ার হোসেন খান এবং সৈয়দা রুবিনা আক্তার সভায় অংশগ্রহণ করেন।

সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থান ইজারা দেয়ার নীতিমালা আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া কমিটি আকাশ পথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) বিল ২০২০ নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিতভাবে আলোচনার সিদ্ধান্ত গ্রহণ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment