ভারতীয় সেনা বিশেষজ্ঞরা মার্কিন হুমকি উপেক্ষা করে রাশিয়া যাচ্ছে

ভারত মার্কিন নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করেই এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ নিতে রাশিয়ায় সেনা বিশেষজ্ঞ দল পাঠাবে।

ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ এ তথ্য জানিয়েছেন। খবর পার্সটুডের।

কুদাশেভ বলেন, ভারত আগামী কিছুদিনের মধ্যে রাশিয়ায় সেনাদল পাঠাবে। এটি অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা এবং এর মধ্য দিয়ে আমাদের কৌশলগত অংশীদারিত্বের নতুন অধ্যায় সূচিত হবে।

২০১৮ সালে ভারত এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে ৫৪০ কোটি ডলারের চুক্তি করে। চুক্তি অনুযায়ী চলতি বছরেই প্রথম চালান বুঝে পাওয়ার কথা ভারতের। আগামী পাঁচ বছরের মধ্যে পুরো চালান ভারতকে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় প্রশিক্ষণ নিতে রাশিয়া যাচ্ছে ভারতীয় সেনা বিশেষজ্ঞরা।

রাষ্ট্রদূত কুদাশেভ জানান, মস্কো সঙ্গে ভারতের সফলভাবে আরো কয়েকটি অস্ত্র চুক্তি করেছে। এ ছাড়া ভারত-রাশিয়া যৌথভাবে সাত লাখ কালাশনিকভ রাইফেল উৎপাদন করবে। রাশিয়া ভারতকে ২০০টি কেএ-২২৬ মডেলের হেলিকপ্টার সরবরাহ করেছে বলেও উল্লেখ করেন কুদাশেভ।

এদিকে ভারত রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনৈতিক কর্মকর্তার বরাতে সম্প্রতি এমন খবর দেয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদ সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তারা বলেছেন, এস-৪০০ কিনলে ভারতকেও তুরস্কের মতো নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

কিছুদিন আগেও মার্কিন কংগ্রেসের একটি প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রশ্নে নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত।

ন্যাটো মিত্র তুরস্ককে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনায় সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতও রাশিয়া থেকে অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনা নিয়েছে।

Comments (0)
Add Comment