প্লাস্টিক পণ্যকে তৈরি পোশাকের মতো গুরুত্বপূর্ণ রফতানি পণ্যে পরিণত করতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের চাহিদা মেটাতে বিদেশ থেকে প্লাস্টিক পণ্য আমদানি করত। বর্তমানে বাংলাদেশ নিজেরা উৎপাদন করে ওই সব পণ্যের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করছে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ পানগাঁও কনটেইনার পোর্ট রোডে বাংলাদেশ প্লাষ্টিক গুডস ম্যান্যুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি(বিআইপিইটি) যৌথভাবে আয়োজিত বিআইপিইটি-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, প্লাস্টিক শিল্প বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত। বিশ্বে এ পণ্যের বিশাল বাজার রয়েছে।
পণ্যের মান, ডিজাইন ও দক্ষতা দিয়ে বাজার দখল করতে হবে।
বিশ্বে দিন দিন প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের সুযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে।