অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি এবং ব্যবহারের অভিযোগে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দুই বছরের কারাদণ্ড হতে পারে।
মিয়ানমার পুলিশ অং সান সু চির বিরুদ্ধে অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি এবং ব্যবহারের অভিযোগে মামলা করেছে।
দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিয়ানমার পুলিশ ৭৫ বছর বয়সী সু চির বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ আদালতে পাঠিয়েছে। এতে বলা হয়, রাজধানী নেইপিদোতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। যা অবৈধভাবে আমদানি এবং অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।
সাক্ষী এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ, আরও তথ্যপ্রমাণ সংগ্রহ এবং দায়ীদের বিরুদ্ধে বব্যস্থা গ্রহণে সু চিকে আটক রাখার জন্য বুধবার (০৩ ফেব্রয়ারি) আদালতে আবেদন জানানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে আটক রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।
আলাদা একটি নথিতে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে জরুরি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অভিযোগে পুলিশ মামলা করেছে। রয়টার্স জানিয়েছে, পুলিশ, সরকার এবং আদালতের কাউকে এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৫ বছর গৃহবন্দি ছিলেন সু চি। নেতৃত্ব দেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনে। ২০১৭ সালে দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর কারণে আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন হলেও মিয়ানমারে এখনো তিনি যথেষ্ট জনপ্রিয়।