তুরস্কের গবেষণা জাহাজকে গ্রিসের যুদ্ধবিমানের ধাওয়া

মঙ্গলবার এজিয়ান সাগরে গ্রিসের চারটি যুদ্ধবিমান তুরস্কের গবেষণা জাহাজকে ধাওয়া করেছে। যদিও গ্রিস সরকার আঙ্কারার এই অভিযোগকে অস্বীকার করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে দুই দেশের আন্তর্জাতিক সীমানার মধ্যে তুরস্কের গবেষণা জাহাজ জরিপ চালানো শুরু করেন। তুর্কি কর্তৃপক্ষের এমন কার্যক্রমে প্রতিবাদ জানাতে তৎপর হয় গ্রিস।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গ্রিসের চারটি এফ-১৬এস বিমান তুরস্কের গবেষণা জাহাজের দিকে অগ্রসর হয়। এরমধ্যে একটি বিমান গবেষণা জাহাজ থেকে দুই নটিক্যাল মাইল দূরে অগ্নিশিখা ফেলে। পরে তুরস্কও নিয়ম অনুসরণ করে যথাযথ জবাব দেয়।

হুলুসি আকর বলেছিলেন, যেখানে আমরা বৈজ্ঞানিক কাজ করছি সেখানে হয়রানি করা অযৌক্তিক। প্রতিবেশী মূলক সম্পর্কের সঙ্গে এমন আচরণ মানানসই নয়। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তুরস্কের অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেন, গ্রিসের কোনো জাহাজ তুরস্কের নৌযানকে উত্যক্ত করেনি।

পাঁচ বছর বিরতির পর তুরস্ক এবং গ্রিসের কর্মকর্তারা গত ২৫ জানুয়ারি সমুদ্র অঞ্চলের সীমানা নির্ধারণ এবং পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানি সম্পদের অধিকার নিয়ে আলোচনায় বসে। ন্যাটো জোটভুক্ত এই দুই মিত্র পুনরায় গ্রিসের রাজধানী এথেন্সে আলোচনা করতে সম্মত হয়েছে।

এথেন্স জানিয়েছে, মার্চের মাসের শুরুতে আলোচনায় বসতে আঙ্কারাকে তারা চিঠি দিয়েছে। আঙ্কারা বলছে, তারা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা অব্যাহত রাখতে চায়। তুরস্ক গ্রিস দ্বন্দ্বে ইউরোপীয় ইউনিয়ন গ্রিসকে সমর্থন করেছে।

Comments (0)
Add Comment