নাইজেরিয়ায় নৌকাডুবিতে দেড় শতাধিক মানুষ নিখোঁজ, সবার মৃত্যুর শঙ্কা

নাইজেরিয়ায় একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের সবার মৃত্যু হয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার ওই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

আল-জাজিরার খবরে জানায়, কেবি রাজ্যের ওয়ারা এলাকায় নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি নাইজার নদীতে ডুবে যাওয়ায় এর আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতীয় অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের (এনআইডাব্লুএ) আঞ্চলিক ব্যবস্থাপক ইউসুফ বির্মা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নাইজার নদীর একটা অংশ কাইনিজি হ্রদে নৌকাটি ডুবে যায় এবং উদ্ধার অভিযান এখনও চলছে।

তিনি বলেন, ‘নৌকাটি ৩০টি বাজাজ মোটরসাইকেল নিয়ে ১৮০ জন যাত্রী বহন করছিল। ভুক্তভোগীরা কেব্বি থেকে নাইজার রাজ্যের বোড়গু স্থানীয় সরকার এলাকার মালেলের একটি বাজারে যাচ্ছিল এবং তাদের ভ্রমণের মাত্র এক ঘণ্টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে যায়।’

তিনি বলেন, এখন পর্যন্ত মাত্র ২০ জনকে জীবিত এবং ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫৬ জন এখনও নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে এদের কেউ আর বেঁচে নেই।

Comments (0)
Add Comment