করোনা প্রতিষেধক টিকা নেয়ার পর এর পার্শ্বপ্রতিক্রিয়ায় জ্বরে ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এখন তার জ্বর কিছুটা কমেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়া চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্বরের তাপমাত্রা কিছুটা কমেছে।’
এর আগে বুধবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সেখান থেকে বের হয়ে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘গত ১৯ জুলাই টিকা নেবার পর ম্যাডামের একটু জ্বর এসেছে। ডাক্তারের মতামত অ্যাডভান্স চিকিৎসার জন্য। বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন।’