মার্চের মধ্যেই ইউরোপে প্রাণ হারাতে পারে ৫ লাখ মানুষ

ইউরোপে করোনার সংক্রমণ নতুন করে আবারও বাড়তে শুরু করেছে।
ইউরোপের বিভিন্ন দেশে করোনার নতুন ঢেউয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ডক্টর হ্যান্স ক্লুগ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী বছরের মার্চের মধ্যেই ইউরোপে ৫ লাখ মানুষ করোনা সংক্রমণে প্রাণ হারাতে পারেন।

তিনি বলেছেন, মাস্ক পরা করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কার্যকরী।
ইউরোপের অনেক দেশেই সংক্রমণের রেকর্ড সর্বোচ্চ এবং অনেক দেশেই আংশিক বা পূর্ণভাবে লকডাউন জারি রয়েছে।
তার মধ্যেই এমন সতর্কতা জারি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউরোপে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে শীত মৌসুম ও কম মাত্রায় টিকা গ্রহণকে দায়ী করেছেন ক্লুগ।
একই সঙ্গে অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণেও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।

সংক্রমণের উচ্চ গতিকে এখনই রোধ করতে টিকা কর্মসূচিকে আরও গতিশীল করা, মৌলিক জনস্বাস্থ্য ব্যবস্থা এবং নতুন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নের আহ্বান জানান ক্লুগ।

তিনি বলেন, করোনা সংক্রমণ আবারো আমাদের এই অঞ্চলে মৃত্যুর পেছনে এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কি করা প্রয়োজন তা আমরা সবাই জানি।

Comments (0)
Add Comment