ভারতে বিমানের টিকিটে নতুন নীতি ১ জানুয়ারি থেকে

ভারতে বিমানের টিকিটের ভাড়া নির্ধারণে আসছে নতুন নীতি। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে ‘ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬’।

ভারতে বিমানের টিকিটের ভাড়া নির্ধারণে আসছে নতুন নীতি। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে ‘ভারতীয় বায়ুযান নিয়ম, ২০২৬’। নতুন এই নিয়ম অনুযায়ী, যাত্রীদের চাহিদা, পরিচালন ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে টিকিটের ভাড়া নির্ধারণ করতে পারবে বিমান সংস্থাগুলো। তবে অস্বাভাবিক পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বিমান সংস্থার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে দেশটির কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিতে বিমান সংস্থাগুলোকে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হচ্ছে। অর্থাৎ সরকার আপাতত টিকিটের ভাড়ার কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নির্ধারণ করছে না। তবে এই স্বাধীনতার পাশাপাশি ভাড়া নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু বাধ্যবাধকতা রাখা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বিমান সংস্থাকে তাদের টিকিটের সম্পূর্ণ ভাড়ার তালিকা এবং সংশ্লিষ্ট তথ্য নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর কাছে জমা দিতে হবে। একই সঙ্গে যাত্রীদের সুবিধার্থে নিজস্ব ওয়েবসাইটে ভাড়ার বিস্তারিত বিবরণ প্রকাশ করতে হবে।

টিকিটের মোট মূল্যের পাশাপাশি বেস ভাড়া, বিভিন্ন ধরনের কর, সরকারি ফি, টিকিট বাতিলের চার্জ, অর্থ ফেরতের শর্ত এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ আলাদাভাবে প্রকাশ করতে হবে। ফলে টিকিট কেনার আগেই যাত্রীরা জানতে পারবেন, কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে। ভাড়ার ক্ষেত্রে কোনো ধরনের তথ্য গোপন বা অস্পষ্ট রাখার সুযোগ থাকবে না।

নতুন নীতিতে বিমান সংস্থাগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা ঠেকানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে উৎসব, ছুটির মৌসুম কিংবা কোনো জরুরি পরিস্থিতিতে নির্দিষ্ট রুটে যাত্রীদের চাহিদা বেড়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে অস্বাভাবিক ভাড়া আদায় ঠেকাতে নজরদারি করবে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অস্বাভাবিক বা জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে এবং জনস্বার্থের প্রয়োজন দেখা দিলে কেন্দ্রীয় সরকার সরাসরি ভাড়ার বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সরকার বিশেষ নির্দেশনা জারি করতে পারবে। তবে এ ধরনের নির্দেশনা নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে।

বিশ্লেষকদের মতে, নতুন নিয়মে একদিকে বিমান সংস্থাগুলো ভাড়া নির্ধারণে স্বাধীনতা পাবে, অন্যদিকে যাত্রীদের স্বার্থ রক্ষায় সরকারের হস্তক্ষেপের সুযোগও থাকছে।

সব মিলিয়ে ২০২৭ সালের শুরু থেকে ভারতের বিমান পরিবহন খাতে ভাড়া নির্ধারণ ও প্রকাশের ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এর ফলে টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা বাড়বে এবং অস্বাভাবিক ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Comments (0)
Add Comment