ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার-বাতিল চান ৯৪ শতাংশ সাংবাদিক

দেশের ৯৪ শতাংশ সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার বা বাতিল করার পক্ষে মত দিয়েছেন বলে এক গবেষণায় উঠে এসেছে।
একই সঙ্গে উঠে এসেছে, সাংবাদিক নির্যাতন কিংবা হয়রানির ৩০ শতাংশ ঘটনার ক্ষেত্রে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন।

গণমাধ্যম উন্নয়ন সংগঠন ‘সমষ্টি’র ‘সাংবাদিকতা ও নীতি-কাঠামো: প্রবণতা ও সুপারিশ’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ গবেষণা ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

অনুষ্ঠানে গবেষণা ফলাফল তুলে ধরেন সমষ্টি’র পরিচালক (গবেষণা) রেজাউল হক। তিনি বলেন, গবেষণার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়।
এর মধ্যে ছিল দলীয় আলোচনা, মতামত জরিপ ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ।

Comments (0)
Add Comment