লিফটে আটকা পড়া তিন যাত্রীর জন্য ৩০ মিনিট দেরিতে ছেড়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর লাউঞ্জের নিজস্ব লিফটে।
আটকা পড়া তিনজন চট্টগ্রাম থেকে ঢাকার যাত্রী ছিলেন।
বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর লাউঞ্জে ফ্লাইটের অপেক্ষায় বিশ্রাম নিচ্ছিলেন তারা।
ফ্লাইট আসার পর লিফটে নিচে নামতে গিয়েই লিফট বিকল হয়ে যায়।
এই অবস্থায় যাত্রীরা ভিতর থেকে চিৎকার দিতে থাকেন।
কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে লিফটের দরজা টেনে খুলে যাত্রীরা বের হয়ে আসলে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।
৩০ মিনিট পর তাদের নিয়েই বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
জানতে চাইলে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নিজস্ব লাউঞ্জের পাশের লিফটে এই দুর্ঘটনা ঘটে। কারিগরি ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে।
পরে অবশ্য যাত্রীরা নিরাপদেই বের হন।
এই কারণে বাংলাদেশ বিমানের নির্ধারিত ফ্লাইট ৩০ মিনিট দেরিতে চট্টগ্রাম ছাড়ে।
কালের কণ্ঠ