৪ কোটি টাকা ব্যয়ে ‘সম্মান রক্ষা’র বিমানের ঢাকা-টরেন্টো ফ্লাইট

প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন না করেই আগামীকাল থেকে বহুল প্রতীক্ষিত ঢাকা-টরন্টো-ঢাকা রুটে প্রথম ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ফ্লাইটটিকে একটি ‘পরীক্ষামূলক বাণিজ্যিক’ ফ্লাইট হিসেবে উল্লেখ করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানিয়েছেন, রুটে নিয়মিত ফ্লাইট শুরু করতে ২ মাসেরও বেশি সময় লাগতে পারে।
তবে বিভিন্ন মহল এটিকে একটি ‘বিতর্কিত সিদ্ধান্ত’ হিসেবে দেখছে।
জনগণের ৪ কোটি টাকা খরচ করে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।

রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বিমানের কর্পোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মাহবুব জাহান খান এ তথ্য জানান।

বাংলাদেশ থেকে কানাডায় সরাসরি ফ্লাইট উদ্বোধনের জন্য ঢাকায় কানাডিয়ান হাইকমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এখানে উল্লেখ্য যে, পরীক্ষামূলক ফ্লাইটে ১০০ জন যাত্রীর মধ্যে মাত্র ৩৬ জন সাধারণ যাত্রী রয়েছেন।
মাহবুব জাহান খান জানান, বাকিরা সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য। জেনারেল সেলস এজেন্ট নিয়োগ ও ট্রান্সপোর্ট কানাডা সিভিল এভিয়েশন (টিসিসিএ) এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পরামর্শের জন্য ফ্লাইটটি কমপক্ষে ৫৫ জন সরকারি কর্মকর্তার একটি প্রতিনিধিদলকে কানাডায় নিয়ে যাবে।
প্রতিনিধি দলে বিমানের কর্মকর্তারা, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) রয়েছেন।
বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীসহ একাধিক শীর্ষ কর্মকর্তার পরিবারের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন।

ফ্লাইটটি আজ, ২৬ মার্চ রাত সাড়ে ১১টায় ঢাকা বিমানবন্দর থেকে ছাড়বে। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে, রাশিয়ান এয়ার স্পেস এড়াতে অতিরিক্ত দুই ঘণ্টা ফ্লাই টাইম প্রয়োজন হবে, অর্থাৎ টরন্টো পৌঁছাতে প্রায় ১৮ ঘন্টা সময় লাগবে।

ফিরতি ফ্লাইটে এখন পর্যন্ত সাধারণ যাত্রীর সংখ্যা ১৯ জন।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বিমানের পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া এমন ফ্লাইট চালুর অভিযোগের বিষয়ে।
জবাবে তিনি বলেছিলেন যে, এই জনপ্রিয় গন্তব্যে ফ্লাইট চালু করা তাদের দীর্ঘ লালিত স্বপ্ন ছিল, এই রুটে ফ্লাইট পরিচালনা করাও একটি সম্মান রক্ষার বিষয়।
সূত্র-দ্য ডেইলি স্টার বাংলা

Comments (0)
Add Comment