ঢাকা-চীনের গুয়াংজু রুটে বিমানের পরবর্তী ফ্লাইটের টিকিট বিক্রয় শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের আগামী ১৫ সেপ্টেম্বরের ফ্লাইটের টিকিট সোমবার (২২ আগস্ট) বিকাল ৪টায় শুধু বিমান হোস্ট সিস্টেমে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে। তাই যাত্রীদের প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিমানের দেশে-বিদেশে অবস্থিত যেকোনো বিক্রয় কেন্দ্রে যোগাযোগের জন্য অনুরোধ করেছে বাংলাদেশ বিমান। সেই সঙ্গে কোভিড প্রটোকল নিশ্চিত হয়ে টিকিট সংগ্রহ করারও অনুরোধ করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

আগামী ১৫ সেপ্টেম্বর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ স্থানীয় সময় সন্ধ্যা ৭ টাকা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ৯ টা ৪৫ মিনিটে।
উল্লেখ্য, বিমানের ভাড়া বাজারের বর্তমান চাহিদার তুলনায় কম বিধায় আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকেট বিক্রয় করা হবে। ঢাকা থেকে যাত্রার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের একমুখী সর্বনিম্ন ভাড়া ১ হাজার ৩০০ মার্কিন ডলার হতে শুরু করে ২ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। বিজনেস ক্লাসের একমুখী ভাড়া ২ হাজার ৮০০ মার্কিন ডলার থেকে শুরু করে ৩ হাজার ২০০ মার্কিন ডলার পর্যন্ত ধার্য করা হয়েছে। সকল ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ বাংলাদেশি টাকায় ৮ হাজার ৭১৭ টাকা। বাজারের চাহিদা অনুযায়ী প্রচলিত নিয়মে ভাড়া ক্রমান্নয়ে উর্ধমুখী হবে।

গুয়াংজু-ঢাকা রুটের ফিরতি ফ্লাইটের টিকিট বিমানের দেশি-বিদেশি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাই www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও ক্রয় করা যাবে। ফিরতি ফ্লাইটের ভাড়া বিমানের ওয়েবসাইটে উল্লেখ থাকবে।

Comments (0)
Add Comment