কারিগরি ত্রুটিতে মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরল বাংলাদেশ বিমান

কাতারের উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ন করা বিমান কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ফিরে আসে।

গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
ওই সময় ফ্লাইটে মোট ২৭৪ জন যাত্রী ছিলেন।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার রাত পৌনে ৭টায় বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে উড়ে যায়।
ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল।
তবে উড্ডয়নের দেড় ঘণ্টা পর ভারতের রায়পুরের আকাশে ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিক পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় পৌনে ২ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

সূত্র আরো জানায়, ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিমান বিস্তৃতভাবে কিছু জানায়নি। তারা শুধু ‘টেকনিক্যাল ইস্যু (কারিগরি ত্রুটি)’ উল্লেখ করেছে। তবে বিমানের উইন্ডশিল্ড (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট ফ্লাইটটি নিয়ে দেশে ফিরে আসেন বলে জানা গেছে।

ওই ফ্লাইটের যাত্রী শেখ মোহাম্মদ সাজিদ তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরলাম। ঢাকা থেকে দোহা যাওয়ার পথে আমাদের বিমানে সমস্যা শুরু হয়। পরে আমরা ঢাকা ফিরে আসতে বাধ্য হই। আল্লাহর রহমতে ২৭৪ জনের প্রাণ রক্ষা পেল।’

বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফ্লাইটের যাত্রীদের নিয়ে বিমানের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফটটি রাত সাড়ে ১১টায় কাতারের উদ্দেশে রওনা হয়। স্থানীয় সময় মধ্যরাত সোয়া ১টায় ফ্লাইটটি কাতারের দোহা বিমানবন্দরে অবতরণ করে।

Comments (0)
Add Comment