কিন্তু হজ এজেন্সি ও ট্রাভেল এজেন্ট সূত্রে জানা যায়, এ বছর বিমানের প্রতিটি হজ টিকিট বিক্রি হয়েছে গড়ে ২ থেকে ৩ হাজার টাকা ঘুষ নিয়ে। ঘুষ না দেয়ায় বিমান সব এজেন্সিকে টিকিট দেয়নি। পছন্দের কিছু এজেন্সিকে বিমানের অধিকাংশ টিকিট দিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। যার কারণে এখন ট্রাভেল এজেন্টদের ওই সিন্ডিকেট টিকিটপ্রতি গড়ে ৫ থেকে ৬ হাজার টাকা অতিরিক্ত নিচ্ছে। অতিরিক্ত টাকা না দিলে তারা টিকিট বিক্রি করছে না। এতে প্রথম দিকে অনেক হজযাত্রী টিকিট না পাওয়ায় প্রতিদিনই আসন খালি নিয়ে ফ্লাইট ছাড়তে হচ্ছে বিমানকে।
আশকোনা হজক্যাম্পের হজ কর্মকর্তা ড. সালেহ্ মোস্তফা কামাল বলেন, তাদের কাছে পর্যাপ্ত ভিসা আছে। কিন্তু কিছু হজ এজেন্সি যাত্রীদের সৌদি পাঠাতে গড়িমসি করছে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে। একটি এয়ারলাইন্সের বিরুদ্ধেও ঘুষ নিয়ে টিকিট বিক্রির অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর ও হজ অ্যাসোসিয়েশনকে (হাব) জানানো হয়েছে।
হজ ক্যাম্প সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি দূতাবাস থেকে ৬৩ হাজার ২১২ হজযাত্রীর ভিসা হয়েছে। এরই মধ্যে ২৯ হাজার ১৩১ যাত্রী নিরাপদে সৌদি পৌঁছেছেন। হাব সভাপতি ইব্রাহিম বাহার বলেন, বাড়ি ভাড়ার নির্ধারিত সময়ের আগে হজযাত্রী পাঠানো যাচ্ছে না। এ ছাড়া প্রায় ১৫০ জন মোনাজেম (হজ গাইড/প্রতিনিধি) সৌদিতে রয়েছেন। দেশে আসার পর তাদের রিপোর্ট অনুযায়ী যাত্রীদের সৌদি পাঠানো হবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দিক আহমেদ বলেন, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত বিমান ৩৬টি ফ্লাইট পরিচালনা করেছে। যাওয়ার সময় মোট ১১২টি স্লট আছে। তিনি বলেন, প্রথম দফায় লিজিং কোম্পানি ঈগল এক্সপ্রেসের মিথ্যা তথ্য দেয়ার কারণে হজের জন্য বড় উড়োজাহাজ সংগ্রহ করা সম্ভব হয়নি। যার কারণে দ্বিতীয় দফায় এয়ারক্রাফটের জন্য বিশ্বের সব উড়োজাহাজ কোম্পানি, লিজিং প্রতিষ্ঠানের কাছে সরাসরি চিঠি দেয়া হয়েছে। বেশ কিছু প্রতিষ্ঠান দর প্রস্তাব জমাও দিয়েছে। ২/১ দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। মোসাদ্দিক আহমেদ বলেন, হজযাত্রীর স্বল্পতার কারণে বেশ কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছে। সমস্যা সমাধানে হজ এজেন্সিসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। অচিরেই এ সমস্যা সমাধান হবে বলে তিনি আশা করেন।