বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের বাসায় এ বৈঠক হয়।
শাম্মী আহমেদ ছাড়াও আওয়া মী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে বৈঠকে উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে পিটার হাসের সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৈঠকের পর তারা একসঙ্গে রাতের খাবার খান।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় ডিনারের দাওয়াত ছিল এটি। এমনিতেই কুশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে, আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক যেন আরও গভীর হয়, সে বিষয়ে কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলেছি, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। সেখানে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। অ্যামেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তারা জানাতে পারে যে, এখানে সুবিধা আছে, বিনিয়োগ করতে পারে।’
হানিফ বলেন, রাষ্ট্রদূত বলেছে, তারা বিষয়টি জানে। তবে এখানে বিনিয়োগকারীদের কিছু সমস্যা আছে। কারণ আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু কিছু সমস্যা হয়, যেকোনো কাজ দেরিতে হয়। আমি বলেছি, সরকার চেষ্টা করছে এগুলো আরও দ্রুত ও সহজ করতে।