রুশ ড্রোন হামলায় ওডেসার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন

রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা ওডেসা ও এর আশপাশের অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবন-যাপন করছে ১৫ লাখেরও বেশি মানুষ।

গতকাল শুক্রবার রাতে ‘কামিকাজে ড্রোন’ হামলার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর এএফপির।

শনিবার এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। তিনি ওডেসার বর্তমান পরিস্থিতিকে ‘খুব কঠিন’ বলে বর্ণনা করেছেন।

ইউক্রেন বলছে, ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে রাশিয়া ওডেসার দুটি জ্বালানি স্থাপনায় হামলা করেছে। এরপর থেকে সেখানকার সব অবকাঠামো বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতি মেরামত করতে কয়েক মাস সময় লাগতে পারে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রাষ্ট্রপতি প্রশাসনের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেন, ‘এখন পর্যন্ত শহরটি বিদ্যুৎবিহীন।’

কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ভোরে রুশ হামলাগুলো মূল ট্রান্সমিশন লাইন ও যন্ত্রপাতিতে আঘাত হানে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ওডেসা অঞ্চলে জ্বালানি সুবিধা পুনরুদ্ধার করতে অনেক বেশি সময় লাগবে।

ফেসবুক পোস্টে সংশ্লিষ্টরা বলেছেন, ‘আমরা দিনের কথা বলছি না। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সপ্তাহ বা সম্ভবত দুই থেকে তিন মাসের মতো সময় লাগতে পারে। ’

Comments (0)
Add Comment