ভারতে যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট

ভারতে প্রথমবারের মতো যুদ্ধবিমানের চালক হিসেবে নির্বাচিত হয়েছেন সানিয়া মির্জা নামের এক মুসলিম নারী পাইলট।

জানা গেছে, তিনি ভারতের উত্তর প্রদেশের মির্জাপুরের বাসিন্দা। তাঁর বাবা শাহীদ আলী স্থানীয় টেলিভিশন মেরামতকারী হিসেবে কাজ করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এএনআই।

সানিয়া উচ্চমাধ্যমিকে উত্তর প্রদেশ বোর্ডে ১২তম হন। এরপর তিনি সেঞ্চুরিয়ন ডিফেন্স একাডেমিতে এনডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এরপরই ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় (এনডিএ) উত্তীর্ণ হন সানিয়া। এনডিএ পরীক্ষায় ১৪৯তম হয়েছে তিনি।

প্রতিবেদনে জানানো হয়, তিনি ভারতের প্রথম মুসলিম নারী ফাইটার পাইলট হওয়ার পাশাপাশি দেশটির উত্তর প্রদেশ রাজ্যের প্রথম ভারতীয় বিমানবাহিনীর ফাইটার পাইলট হতে যাচ্ছেন।

সানিয়ার বাবা শাহীদ আলী জানান, ‘সানিয়া ভারতের প্রথম ফাইটার প্লেন চালক অবনী চতুর্বেদীকে আদর্শ মনে করে। প্রথম থেকেই সে তাঁর মতো হতে চাইতো। ভারতে দ্বিতীয় কোনো নারী হিসেবে সানিয়া ফাইটার পাইলট হিসেবে নির্বাচিত হয়েছে।’

Comments (0)
Add Comment