তাড়া করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত

কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। নিজেদের সীমানায় ঢুকে পড়া উত্তর কোরিয়ার ড্রোন তাড়া করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে সামরিক বাহিনীর বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, দুই দেশের সামরিক সীমান্তরেখায় ড্রোন নিয়ে মহড়া দেয় উত্তর কোরিয়ার সামরিক বাহিনী। এরমধ্যে পাঁচটি ড্রোন সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে। পরে সেগুলো গিম্পো, গাংঘাওয়া দ্বীপ এবং পাজু এলাকায় দেখা যায়।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম নিউজওয়ান বলেছে, আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনার জেরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক বিমান নিয়ে ড্রোন তাড়া করে। এসময় একটি কেএ-ওয়ান লাইট অ্যাটাক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। যদিও বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ জানানো হয়নি।

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বলেছে, বিমানটি একটি বেসামরিক ভবনে বিধ্বস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Comments (0)
Add Comment