ভারতে বিবিসির কার্যালয়ে মধ্যরাতেও চলছে তল্লাশি

প্রায় ২০ ঘণ্টা পার হলেও দিল্লি ও মুম্বাইয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তথা বিবিসির কার্যালয়ে চলছে ভারতীয় আয়কর দফতরের অভিযানের। মধ্যরাতেও তল্লাশি অব্যাহত ছিল বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ আয়কর কর্মকর্তারা পৌঁছান দিল্লি ও মুম্বাইয়ে দফতরে।

অফিসে ঢুকেই সাংবাদিক ও সংবাদকর্মীদের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেন আয়কর কর্মকর্তারা। তারপর শুরু হয় তল্লাশি। যা বুধবার সকাল পর্যন্ত চলতে পারে জানায় সংবাদমাধ্যমটি।

আয়কর কর্মীরা ২০১২ সাল থেকে বিবিসির সব লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন। ব্রিটিশ গণমাধ্যমটি আগেই টুইট করে সব রকম সহযোগিতার বার্তা দিয়েছিল।

আয়কর দফতরের অভিযান ঘিরে সরকারের সমালোচনা করছেন বিরোধীরা। উদ্বেগপ্রকাশ করে বিবৃতি দিয়েছে এডিটরস গিল্ড। নিন্দা প্রকাশ করেছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া।

কয়েক সপ্তাহ আগেই বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’-এর প্রদর্শন বন্ধের জন্য তৎপরতা চালায় ক্ষমতাসীনরা। তার মাঝেই এল আয়কর দফতরের অভিযানের খবর।

দুই দশক আগে নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময়ের গোধরাকাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হামলার কথা তুলে ধরা হয় এক ঘণ্টার ওই তথ্যচিত্রে।

Comments (0)
Add Comment