কিছুদিন ধরেই গুঞ্জন চলছে আবারো এক হতে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তারা। গতকাল একটি ভিডিওতে নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এবার একসঙ্গে জন্মদিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই দুই তারকা।
এবার শাকিব খান ও অপু বিশ্বাসকে একসঙ্গে দেখা গেল নওশীন-হিল্লোলের মেয়ে মেহভিশার প্রথম জন্মদিনের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী দেশীয় শোবিজ অঙ্গনের তারকারাও উপস্থিত ছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান সামাজিকমাধ্যমে একাধিক ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল শাকিব-অপুকে।
জানা গেছে, অনেকের মতো নওশীন-হিল্লোলের আমন্ত্রণ রক্ষা করতেই শাকিব খান তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে যান। তাদের একসঙ্গে দেখে অনেকের মনেই ফের সেই প্রশ্নই জোরালো হলো, তবে কি অপু বিশ্বাসের সঙ্গে একই ছাদের নিচে থাকতে যাচ্ছেন শাকিব খান?
অবশ্য এর আগে এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, ‘এই সর্বকনিষ্ঠ প্রযোজক (জয়) চাইলে শাকিব-অপুকে নিয়ে অনেক কিছুই সম্ভব।’ তবে কি সুদূর মার্কিন মুলুকে নিয়ে বাবা-মাকে ফের একত্র করলেন এই তারকাসন্তান? আপাতত এই প্রশ্ন সময়ের হাতে তুলে রাখা যাক।
ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ ৭ জুলাই যুক্তরাষ্ট্র আর কানাডায়ও মুক্তি পায়। সেজন্য ২ জুলাই থেকেই যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান। ১৩ জুলাই রাতে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন অপু বিশ্বাস। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।