জোভান-ফারিণকে নিয়ে বসবেন নির্মাতা

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ একটি নাটকের প্রচারণাকে ঘিরে বিপরীতমুখী মন্তব্য করেন। জোভানের অভিযোগ, ওটিটি ভুবনে যাওয়ার পর নাটককে অবজ্ঞা করছেন অভিনেত্রী (ফারিণ)। তাই হয়তো নিজের অভিনীত নাটকের প্রচারও করছেন না সোশ্যাল হ্যান্ডেলে।

এ বিষয়ে ফারিণ বলেন, জোভান কিংবা নাটকটির নির্মাতা মহিদুল মহিম কেউই তার সঙ্গে এ ব্যাপারে আলাপ করেননি। যদিও ফারিণের এমন মন্তব্যকেও ‘অসত্য’ বলেছেন জোভান। তবে স্বস্তির খবর হলো তাদের দ্বন্দ্বের অবসান ঘটতে যাচ্ছে দ্রুতই।

আজ রোববার নির্মাতা মহিদুল মহিম জানান, তার পরিচালিত ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গেই যত গণ্ডগোল!

ফারিণ বেশ কিছু দিন বিদেশ ভ্রমণ শেষে শনিবার দেশে ফিরেছেন। ইতোমধ্যে তার সঙ্গে কথা হয়েছে বলে জানান মহিম।

তিনি বলেন, ‘জানেমান তুই আমার’ নাটকের প্রমোশনাল সব কিছুই সময়মতো ফারিণ আপুর হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল। আমি নিজেই পাঠিয়েছি। তারপরও প্রমোশন না করায় একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে ফারিণ আপু ও জোভান ভাইয়ার সঙ্গে আমার কথা হয় পুরো বিষয়টি নিয়ে। আসলে আমাদের কিছুটা ভুল বোঝাবুঝির কারণে বিষয়টা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এটাকে না বাড়িয়ে আমরা নিজেরাই আন্তরিকতার সঙ্গে বিষয়টা সমাধান করছি। আশা করছি এই বিষয়টির এখানেই সমাপ্তি ঘটবে।

মহিম জানান, সোমবার জোভান ও ফারিণকে নিয়ে সামনাসামনি বসে আলোচনার মাধ্যমে জটিলতা মিটিয়ে নেবেন।

নির্মাতা বলেন, ‘আমি চাই না, নিজেদের মধ্যে এসব ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হোক। কারণ দিনশেষে আমরা একসঙ্গেই কাজ করব।’

‘জানেমান তুই আমার’ নাটকে জোভান ও ফারিণ জুটি বেঁধে অভিনয় করেছেন। গত ২১ আগস্ট অন্তর্জালে প্রচার হয়েছে নাটকটি। প্রচারের আগে স্বাভাবিকভাবেই শিল্পীরা সংশ্লিষ্ট কাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। কিন্তু ফারিণ সেটা করেননি বলে জোভান ও নির্মাতা মহিমের সঙ্গে অভিনেত্রীর ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।

Comments (0)
Add Comment