গাজীপুরে চলন্ত অবস্থায় মালবোঝাই দুটি কাভার্ডভ্যানে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসময় কাভার্ডভ্যান দুটি গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে কাভার্ডভ্যান দুটির গতিরোধ করে পেট্টল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের দেয়া খবরে পুলিশ ও দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা দুটি কাভার্ডভ্যানে পেট্রল নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, আগুনে গাড়ির ভেতরে থাকা মালামাল পুড়ে গেলেও এ ঘটনায় কেউ হতাহত হননি।