রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাশকতা চলছে: বিএনপি

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ হিসেবে উল্লেখ করে এ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাশকতা চলছে বলে মন্তব্য করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

আজ রোববার (৩১ ডিসেম্বর) দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করা হয়।

বিবৃতিতে দলটি বলেছে, আন্তর্জাতিকভাবে কলঙ্কিত ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনের পটভূমিতে আবারো আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

বিবৃতিতে আরো বলা হয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে, তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীরাই নন, নিপীড়ন-নিষ্পেষণের শিকার হচ্ছেন খেটে খাওয়া, প্রান্তিক মানুষ। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান-কাঠামোতে বিশেষত বাস-ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জান-মাল ও নিরাপত্তা-স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ। চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনেফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র, আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো তদন্ত ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় এবং একই সুরে এর দায় বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছেন। নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্রীয় দমন-নিপীড়নকে উস্কে দিচ্ছেন, যা তাদের প্রতিহিংসামূলক বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে।

Comments (0)
Add Comment