বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গত ৮ জুলাই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর থেকে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে একজন চিকিৎসক জানিয়েছেন। হার্টে পেসমেকার বসিয়ে বাসায় নেয়ার ছয় দিনের মাথায় তাকে গত চার দিন আগে আবারো জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউ সুবিধাসম্বলিত কেবিনে তার চিকিৎসা চলছে।
জানা গেছে, গত চার দিনে বেগম জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার হার্ট, লিভারসহ শারীরিক অন্যান্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে তার চিকিৎসা অব্যাহত রেখেছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতির দিকে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরি ভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থা আরো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, দেশে বেগম জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। যে কারণে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন। এর আগে বিদেশী চিকিৎসকদের অধীনে ম্যাডামের লিভারসিরোসিস সমস্যা সমাধানে একটি প্রসিডিওর করার পর তিনি বেশকিছু দিন সুস্থ ছিলেন। কিন্তু এখন ঘন ঘন তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তার অবস্থা ভালো নয়। শারীরিক প্রতিটি প্যারামিটারই অবনতির দিকে। আরেকজন চিকিৎসক গতকাল রাতে জানান, বেগম জিয়ার লিভারের জটিলতা বেড়েছে।