ওমরাহ কাফেলার মোয়াল্লেম আটক, উদ্ধার ৮৩ লাখ টাকার সোনা ও ৯ হাজার ডলার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমরাহ শেষে ফেরা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৮৩ লাখ টাকার সোনা ও ৯ হাজার ডলার উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মফিদুল ইসলাম (৪৩), তিনি ওমরাহ কাফেলার মোয়াল্লেম হিসেবে সৌদি আরব গিয়েছিলেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের আগমনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৪৯৯.১ গ্রাম (২১ ক্যারেট) সোনা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার টাকা।

এছাড়া তার কাছ থেকে ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ এবং ৮০ হাজার ১১৭ টাকা বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল পুলিশকে জানান, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করছেন।

বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব সোনা দেশে আনা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এপিবিএনের পুলিশ সুপার জানিয়েছেন, বিমানবন্দরে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment