১০০টির বেশি গন্তব্যে সীমিত ফ্লাইট চালাচ্ছে এমিরেটস
ঢাকা: মধ্যপ্রাচ্য অঞ্চলে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের প্রভাবের মধ্যে বিশ্বজুড়ে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করছে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস। বর্তমানে সংস্থাটি ১০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট চালু রেখেছে বলে জানিয়েছে।
সংকট শুরুর পর থেকে সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য এয়ারলাইনস—ইতিহাদ এয়ারওয়েজ , ফ্লাইদুবাই ও এয়ার এরাবিয়া —নিরাপদ আকাশপথ ব্যবহার করে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
এমিরেটস জানায়, পরিস্থিতি অনুযায়ী নিয়মিত ফ্লাইট সূচি পর্যালোচনা ও হালনাগাদ করা হচ্ছে। যাত্রীদের সর্বশেষ ফ্লাইট স্ট্যাটাস ও বুকিং অপশন নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লাইট পরিবর্তনে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য নমনীয় সুবিধা রাখা হয়েছে। তাদের পরবর্তী উপলভ্য ফ্লাইটে পুনরায় বুকিং দেওয়া হবে, প্রয়োজনে দুবাই হয়ে সংযোগ ফ্লাইটসহ।
২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভ্রমণের টিকিটধারীরা বিকল্প ফ্লাইটে রিবুকিং অথবা পূর্ণ অর্থ ফেরতের সুযোগ পাচ্ছেন। একই গন্তব্য বা একই অঞ্চলের অন্য গন্তব্যে ১৫ জুন ২০২৬-এর মধ্যে নতুন ভ্রমণ তারিখ নির্ধারণ করা যাবে।
যারা ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনেছেন, তাদের সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। আর সরাসরি এমিরেটস থেকে টিকিট কেনা যাত্রীরা এয়ারলাইনটির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এছাড়া ২ এপ্রিলের পর নতুন বুকিং করা যাত্রীরা টিকিটের শর্তসাপেক্ষে একবার বিনামূল্যে তারিখ পরিবর্তনের সুবিধা পাবেন, যদিও ভাড়ার পার্থক্য প্রযোজ্য হতে পারে।
অনলাইনে এমিরেটসের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বুকিং পরিবর্তন, বিকল্প ফ্লাইট নির্বাচন, সিট ও খাবার পছন্দ নির্ধারণসহ বিভিন্ন সেবা গ্রহণ করা যাচ্ছে। প্রয়োজনে যাত্রীরা কন্টাক্ট সেন্টার, লাইভ চ্যাট বা রিটেইল অফিস থেকেও সহায়তা নিতে পারবেন।
অপারেশনাল সমন্বয়ের অংশ হিসেবে দুবাই -এর সব সিটি চেক-ইন পয়েন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে এমিরেটস। যাত্রীদের ধৈর্যের জন্য ধন্যবাদও জানিয়েছে সংস্থাটি।