হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিজেন্টের এই নতুন রুটের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী। অনুষ্ঠানে ঢাকায় নেপালের চার্জ দি অ্যাফেয়ার্স দিলি আচারয়া, রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. জেনারেল (অব.) এম ফজলে আকবর এনডিসি, পিএসসি এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) আকতার ইউ আহমেদ উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ৩টায় ১২৬ যাত্রী নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায় এবং স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিটে সেখানে পৌঁছে। সেখান থেকে ৬৫ যাত্রী নিয়ে বিকাল ৫টা ১৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকায় এসে পৌঁছে। প্রতি শনি, সোম ও বুধবার এই সময়সূচিতে কাঠমান্ডু রুটে চলাচল করবে রিজেন্টের ফ্লাইট। রিজেন্ট কর্তৃপক্ষ জানায়, ইকোনমি শ্রেণীতে সব ধরনের করসহ ঢাকা-কাঠমান্ডু রিটার্ন টিকিট ১৭ হাজার ৫১২ টাকা এবং ওয়ানওয়ে ১২ হাজার ৪৯৩ টাকা এবং বিজনেস ক্লাস রিটার্ন টিকিট ২৭ হাজার ৪০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।