১১৪ হজ এজেন্সির শুনানি শুরু কাল

গেল বছর ১ হাজার ৪৩৬ বাংলাদেশী হাজীর নিবন্ধন তথ্যে গরমিলের অভিযোগে জড়িত ১১৪টি হজ এজেন্সির শুনানি গ্রহণ করবে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তদন্ত কমিটি। বুধবার থেকে তিন দিনের এ শুনানি শুরু হবে। শুনানি শেষে তদন্ত কমিটি দোষী এজেন্সির বিরুদ্ধে শাস্তির চূড়ান্ত সুপারিশ করবে বলে জানা গেছে।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত এক নোটিশে বলা হয়, ২০১৬ সালে ৭৫টি ও ৩৯টি হজ এজেন্সির বিরুদ্ধে উত্থাপিত দুই ধরনের অভিযোগ যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদানের লক্ষ্যে ৪, ৫ ও ৭ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটি শুনানি গ্রহণ করবে। এতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
রোববার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (হজ-১) ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্য সচিব মোঃ আবুল হাসান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ২০১৬ সালের হজে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হাজীর নিবন্ধন এবং ৬৮৫ জন হাজীর নিবন্ধন তথ্যের সঙ্গে গরমিল বিষয়ে গঠিত তদন্ত কমিটি বুধবার থেকে এ শুনানি গ্রহণ করবে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা অংশীদার/বৈধ প্রতিনিধিদের তথ্যসহ শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে হজ অফিসের নিবন্ধন কাজের দায়িত্বপ্রাপ্ত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিমিটেডের কর্মকর্তা কবির আল মামুন জানান, গেল বছর হজের সময় সৌদি আরবের ই-হজ সিস্টেমে ভিসা লজমেন্টে ৭৫১ হাজীর তথ্যে গরমিল পাওয়া গেছে। এছাড়া ৬৮৫ জনের নামের অক্ষরে গরমিল ধরা পড়েছে। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ প্রদানের জন্য অভিযুক্ত এজেন্সিগুলোর শুনানি গ্রহণ করবে।

অনিয়ম বিষয়ে বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক বজলুল হক বিশ্বাস বলেন, গেল বছর ৭৫১ জনকে প্রাক-নিবন্ধন ছাড়াই হজে পাঠানো হয় বলে অনিয়ম ধরা পড়ে আমাদের কাছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়কে জানানো হলে তা তদন্তে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়। তিনি বলেন, সংশ্লিষ্ট এজেন্সির পক্ষ থেকে সৌদি আরবের ই-হজ সিস্টেমে দেয়া তথ্যের সঙ্গে হজ অফিসে নিবন্ধন ডাটাবেজের তথ্য যাচাই ছাড়াই ভিসা লজমেন্ট করার কারণে এ অনিয়মের সুযোগ হতে পারে। তবে বাস্তবে কেন, কীভাবে বা কারা এ অনিয়ম করেছে, সে বিষয়ে জানতেই ধর্ম মন্ত্রণালয়ের তদন্ত কমিটিসংশ্লিষ্ট এজেন্সিগুলোর শুনানি করবে বলে মন্তব্য করেন তিনি।

Comments (0)
Add Comment