আমার প্রথম লক্ষ্য নড়াইলের উন্নয়নঃ মাশরাফি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯১ জনপ্রতিনিধি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

এর মধ্য দিয়ে দশম সংসদ বিলুপ্ত এবং একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হল।

বেলা ১১টার কিছু সময় পর শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

সে অনুষ্ঠানে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শপথ শেষে তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নের দিকেই বেশি নজর দেব।

তিনি বলেন, আমার প্রথম লক্ষ্য নড়াইলের উন্নয়ন।

নড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি বলেন, এলাকাবাসী আমাকে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।

২২ গজ নিয়ে কিছু ভাবছেন কী- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, বাংলাদেশ যাতে বিশ্বে সেরা ক্রিকেট দল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সে জন্য আমি চেষ্টা চালিয়ে যাব।

তিনি বলেন, ক্রিকেট জগতটা আমার মুখস্থ একটি ক্ষেত্র। বাংলাদেশ ক্রিকেটকে আরও সমৃদ্ধ করতে যা যা করা দরকার সেদিকে সচেষ্ট হব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে প্রায় ৩৪ গুণ বেশি ভোট পেয়ে জয়লাভ করেন মাশরাফি বিন মুর্তজা। আজ সংসদ ভবনে শপথ নিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে জয়ী মহাজোটের ২৮৮ জন নতুন এমপি। এ ছাড়া তিন স্বতন্ত্র জনপ্রতিনিধিও সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সাত জনপ্রতিনিধি শপথগ্রহণ করেননি। শপথ অনুষ্ঠানে তাদের দেখা যায়নি।

Comments (0)
Add Comment