যাত্রীদের জন্য রিজেন্ট এয়ারওয়েজের মোবাইল অ্যাপ

বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ মোবাইল অ্যাপ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা মোবাইল ডিভাইসের সহায়তায় নিজেরাই টিকিট বুকিং ও ইস্যু করতে পারবেন। রবিবার (২৭ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব।

রিজেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতে এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা নিজেদের বোর্ডিং পাস ইস্যু ও সেলফ বোর্ডিং, ফ্লাইট স্ট্যাটাস চেক, উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ সম্পর্কিত তথ্যাদি পাবেন।

রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব বলেন, ‘গ্রাহককেন্দ্রিক এয়ারলাইন হিসেবে তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবে গ্রাহকবান্ধব সল্যুশন প্রদান করা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস, বিভিন্ন আকর্ষণীয় বৈশিষ্ট্যসংবলিত নতুন অ্যাপটি গ্রাহকদের ব্যবহারবান্ধব ও অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হবে।’

জানা গেছে, আইওএস বা অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসের সহায়তায় যাত্রীরা তাদের টিকিট বুকিং দিতে পারবেন ও ইস্যুকৃত টিকিট তাদের ই-মেইলে পেয়ে যাবেন। ফ্লাইটের সময়সূচির আপডেট ও এয়ারলাইনের বিভিন্ন অফার সম্পর্কেও গ্রাহকরা জানতে পারবেন। ক্রমান্বয়ে ফ্লাইট চেক-ইন, টিকিট রি-ইস্যু ও রিফান্ডের মতো সেবাগুলো অ্যাপটিতে অন্তর্ভুক্ত করা হবে।

নতুন অ্যাপের উদ্বোধন উপলক্ষে পরবর্তী চার সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। অ্যাপটি ডাউনলোড করে যারা এর মাধ্যমে টিকিট কিনবেন শুধু তারাই র‌্যাফেল ড্র’র জন্য বিবেচিত হবেন। আইটিউন্স ও গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে।

এদিকে চীনের গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা কথাও জানিয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব। এ সময় আরও ছিলেন এয়ারলাইনটির প্রধান পরিচালন কর্মকর্তা হানিফ জাকারিয়া ও পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ।

২০১০ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করে রিজেন্ট এয়ারওয়েজ। বর্তমানে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সৈয়দপুর ও ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইনটি। এর আন্তর্জাতিক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত রয়েছে কলকাতা, কাঠমান্ডু, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, দাম্মাম, দোহা ও মাস্কাট। রিজেন্ট এয়ারওয়েজের বহরে বর্তমানে উড়োজাহাজের সংখ্যা মোট ৮টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, দুটি বোয়িং ৭৩৭-৭০০ ও দুটি ড্যাস-৮-কিউ৩০০।

Comments (0)
Add Comment